যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রতি নিজেদের দৃঢ় অবস্থান পুনরায় স্পষ্ট করেছে ইরান। এ উপলক্ষে ইরান ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়।
ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ভেনেজুয়েলার বলিভারিয়ান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পর সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
আলোচনার সময় আব্বাস আরাগচি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক ইচ্ছার ওপর সরাসরি আঘাত। তিনি ভেনেজুয়েলার জনগণ ও নির্বাচিত সরকারের প্রতি ইরানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো ইরানের নীতিগত অবস্থান ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবৈধ ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণ ও সরকার জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এই ফোনালাপটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়, যখন ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগে ইরান বারবার লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব ও জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছে।
