ছায়াছবিতে ধ্রুপদী নৃত্যকলা যেন কেবল নির্দিষ্ট কিছু নায়িকার সম্পত্তি—এই ধারণা তিনি নস্যাৎ করেছিলেন নিজের প্রতিভা দিয়ে। অভিনয়, শাস্ত্রীয় নৃত্য, চিত্রনাট্য রচনা, পরিচালনা—সব ক্ষেত্রেই তাঁর অনায়াস গতি। নামের কারণে তাঁর জন্মপরিচয় নিয়ে ধন্ধের শেষ নেই, কিন্তু তিনি নিজে ছিলেন স্বঘোষিত নিরীশ্বরবাদী। তিনি কমল হাসান—ভারতীয় সিনেমার এক বলিষ্ঠ, প্রজ্ঞাময় ও বহুমাত্রিক ব্যক্তিত্ব।
আজ তাঁর ৭০তম জন্মদিন।
তামিলনাড়ুর রামানাথাপুরম জেলার পরমকুড়িতে জন্ম কমলের (জন্মনাম পার্থসারথি)। বাবা শ্রীনিবাসন ছিলেন একজন ডিফেন্স ল’ইয়ার ও সংস্কৃতজ্ঞ, মা রাজলক্ষ্মী গৃহবধূ। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট কমল। বাবাই তাঁর নাম রাখেন “কমল হাসান”—‘কমল’ মানে পদ্ম, আর ‘হাসান’ নামটি বন্ধুত্ব ও মানবতার প্রতীক হিসেবে যোগ করেছিলেন তিনি।
চার দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত তাঁর অনন্য কর্মজীবন—
মাত্র ৪ বছর বয়সেই অভিনয় শুরু এবং প্রথম জাতীয় পুরস্কার লাভ করেন “কালাথুর কান্নামায়” ছবিতে। ১৮ বছর বয়সে লিখেছিলেন পূর্ণাঙ্গ চিত্রনাট্য “উনরচিগাল”—যা পরে ১৯৭৬ সালে মুক্তি পায়।
ভারতের ৬টি ভাষায় (তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম, কন্নড় ও বাংলা) অভিনয় করেছেন তিনি।
১৮ বার ফিল্মফেয়ার পুরস্কার ও ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছেন।
তাঁর অভিনীত ৭টি ছবি ভারতের প্রতিনিধিত্ব করেছে অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে—যা এখনো একক রেকর্ড।
ব্যক্তিজীবনে যেমন আলোড়ন, তেমনই অনুরাগ—
প্রথম বিবাহ ১৯৭৮ সালে নৃত্যশিল্পী বাণী গণপতির সঙ্গে। বিচ্ছেদের পর অভিনেত্রী সারিকার সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরে বিবাহ করেন। তাঁদের দুই কন্যা—শ্রুতি হাসান ও অক্ষরা হাসান, দুজনেই এখন সফল অভিনেত্রী।
পরে অভিনেত্রী গৌতমী তাড়িমাল্লার সঙ্গে দীর্ঘ এক দশকের সহবাস। তাঁর আগের কন্যা শুভলক্ষ্মীর দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন কমল।
চিন্তায় ও কর্মে মুক্তমন:
ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা তাঁর ছবিগুলির মূল উপজীব্য। নিজেকে প্রকাশ্যে নিরীশ্বরবাদী ও লিব্যারাল চিন্তাবিদ হিসেবে পরিচয় দিয়েছেন। সমাজকল্যাণে সক্রিয় তিনি—নিজের ফ্যানক্লাবকে রূপ দিয়েছেন এক সমাজসেবামূলক সংগঠনে।
সম্মান ও স্বীকৃতি:
পদ্মশ্রী (১৯৯০)
পদ্মভূষণ (২০১৪)
ফরাসি সরকারের Chevalier de l’Ordre des Arts et des Lettres (২০১৬)
সিনেমার ভাষা, সমাজের প্রতি দায়বদ্ধতা, এবং শিল্পের প্রতি নিঃশর্ত ভালোবাসায় কমল হাসান আজও এক অনন্য উদাহরণ।
“অভিনয় আমার ধর্ম নয়, আমার শ্বাসপ্রশ্বাস।” কমল হাসান। শুভ জন্মদিন প্রবাদপ্রতিম এই শিল্পীকে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা
