আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের কবির আহম্মেদের বাড়ির বাসিন্দা শাহেদা বেগম (৩৫), তাঁর স্বামী মো. জাফর; একই এলাকার আব্দুল শহিদের ছেলে দেলোয়ার হোসেন (৩০) এবং মৃত সিরাজুল হকের ছেলে মো. মাসুদ (৩১)। শাহেদা বেগমের মায়ের নাম লাইলী বেগম, দেলোয়ার হোসেনের মায়ের নাম আজিমা খাতুন এবং মাসুদের মায়ের নাম ফাতেমা খাতুন।
এ ঘটনায় পলাতক আসামি মো. জাফর (৪৫) একই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কবির আহম্মেদ এবং মায়ের নাম জরিনা খাতুন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
