নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান চালায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
