নওগাঁর পত্নীতলা উপজেলার সন্তোষপাড়া গ্রামে একটি মন্দিরের দেবোত্তর সম্পত্তির ধান বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় ভুক্তভোগী শ্রী রুপচাঁদ রবিদাস বাদী হয়ে পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সন্তোষপাড়া মৌজায় অবস্থিত বিষহরি মন্দিরের উন্নয়ন ও পূজা-অর্চনার কাজে ব্যবহৃত দেবোত্তর সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা চাষাবাদ করে আসছিলেন। বর্তমানে ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা (নং-২১২/২০০৮) চলমান থাকা সত্ত্বেও বিবাদীগণ জমিটি জবরদখলের চেষ্টা করে আসছিল।
বাদীর দাবি, গত ২৫ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে বিবাদী মোঃ মোমিনুল ইসলাম (৪০), মোঃ মামুন ইসলাম (৫০) ও মোঃ আনোয়ার হোসেন (৬০) সহ অজ্ঞাত কয়েকজন লাঠিসোটা ও বিষ স্প্রে করার সরঞ্জাম নিয়ে মন্দিরের জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা জোরপূর্বক তফশিল-১ বর্ণিত ৪৫ শতাংশ জমির ধানে বিষ প্রয়োগ করেন, যাতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়। পরবর্তীতে গত ২৭ এপ্রিল দিবাগত রাতে একইভাবে তফশিল-২ বর্ণিত ৩০ শতাংশ জমির ধানেও বিষ প্রয়োগ করা হয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা।
অভিযোগকারী শ্রী রুপচাঁদ রবিদাস জানান, "আমরা লোকমুখে সংবাদ পেয়ে জমিতে গেলে বিবাদীরা আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। মন্দিরের উন্নয়নের একমাত্র উৎস এই ফসলি জমি। বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতিসাধন করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে শুশিল রবিদাস, ফুলবাবু রবিদাস ও বাবু রবিদাসসহ স্থানীয়রা জানান, রাতের আঁধারে এই ন্যাক্কারজনক কাজ করার ফলে মন্দির কমিটির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনার পর আইনি সহায়তার জন্য আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।
পত্নীতলা থানা সূত্রে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
