মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ওয়াইফাই ব্যবসার লাইন ও চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানজিল, রাশেদুল আমিন ও শাহিনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আহতের স্বজন। হামলায় তাঁর শরীরে ২৬টি সেলাই দিতে হয়েছে।
গত ৬ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ব্রীজের ওপর এ ঘটনা ঘটে। আহত শহিদুল উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতব্বর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে মোটরসাইকেলযোগে মকবুলের দোকানের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন তাঁর গতিরোধ করেন। এরপর তাঁরা ওয়াইফাই ব্যবসার জন্য এক লাখ টাকা চাঁদা এবং নিজেদের পছন্দ অনুযায়ী ৪০টি ইন্টারনেট সংযোগ দাবি করেন। রাজি না হওয়ায় তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
