নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাদেবপুর উপজেলা শাখা।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় স্থানীয় বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মণ্ডল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মহিলা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক ঐক্য বা কার্যক্রম সফল করা সম্ভব নয়। বিএনপিকে মাইনাস করার কোনো সুযোগ নেই। স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের উদ্দেশে তাঁরা বলেন, বিএনপিকে মেনে নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে যারা দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তাঁদের দায়ভার সংসদ সদস্য ফজলে হুদা বাবুলকে নিতে হবে। একই সঙ্গে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তাঁরা।
দলের অভ্যন্তরীণ বিভেদ ও বিভক্তি দূর করে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থাকার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঘোষপাড়া মোড় প্রদক্ষিণ করে মাছ চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
