কক্সবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের উদ্যোগে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে নারীদের সাফল্য, সংগ্রাম এবং আত্মনির্ভরতার গল্পকে সামনে এনে অন্যদের অনুপ্রাণিত করার লক্ষ্য রাখা হয়েছে। এবার কক্সবাজার সদর উপজেলা, রামু উপজেলা, ঈদগাঁও উপজেলা ও টেকনাফ উপজেলা এই
চারটি উপজেলায় মোট ১১ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে “অদম্য নারী পুরস্কার”-এর জন্য মনোনীত করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলায় শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য রাধু বড়ুয়া চৌধুরী, অর্থনৈতিকভাবে সফল হিসেবে আফরিন সুলতানা সুমি, সফল জননী হিসেবে রাহেলা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য হুমায়রা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করার স্বীকৃতিস্বরূপ আমেনা বেগম এই পুরস্কার অর্জন করেছেন। রামু উপজেলায় শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্যের জন্য রেজিয়া আক্তার এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য অঞ্জনা বড়ুয়া মনোনীত হয়েছেন।
একইভাবে ঈদগাঁও উপজেলায় শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে খুরশীদুল জান্নাত এবং অর্থনৈতিকভাবে সফল হিসেবে পারভীন আক্তার এই সম্মাননা পেয়েছেন। অন্যদিকে টেকনাফ উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রুবিনা আক্তার এবং শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্যের জন্য নিবেদিতা ভট্টাচার্য্য “অদম্য নারী পুরস্কার”-এ ভূষিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, এই ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজে তাদের অবদানকে যথাযথ স্বীকৃতি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
