নীলফামারীর জলঢাকা উপজেলার ১১ নং কৈমারী মডেল ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য জমা দেওয়া জামানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন ইউনিয়নের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা (বর্তমানে পূর্ব ছাতনাই ইউনিয়নে কর্মরত) মো. তসলিম উদ্দিন এবং সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান সংরক্ষিত নারী সদস্য (ওয়ার্ড ১, ২, ৩) পেয়ারী বেগম।
ভুক্তভোগী মো. জাকিরুল ইসলাম (পিতা: মো. সাইদুল ইসলাম, গ্রাম: দক্ষিণ তিতপাড়া, ডিমলা) জানান, ২০২৫ সালের ৩০ এপ্রিল তিনি কৈমারী ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স আদায়কারীর দায়িত্ব পাওয়ার লক্ষ্যে ফেরতযোগ্য জামানত হিসেবে ৮০,০০০ (আশি হাজার) টাকা প্রদান করেন। নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে এই টাকা প্রশাসনিক কর্মকর্তা তসলিম উদ্দিন ও প্যানেল চেয়ারম্যান পেয়ারী বেগমের হাতে তুলে দেন তিনি।
চুক্তি অনুযায়ী পবিত্র ঈদুল আজহার পর কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। পরবর্তীতে জাকিরুল ইসলাম তার জামানতের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা দীর্ঘ এক বছর ধরে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। ভুক্তভোগীর দাবি, তারা বেতন না পাওয়া, এনজিও ঋণ পরিশোধ বা প্রজেক্টের বকেয়া টাকার দোহাই দিয়ে অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
ভুক্তভোগী জাকিরুল ইসলাম বলেন, "আমি বারবার টাকা ফেরত চেয়েও ব্যর্থ হয়েছি। তারা আজ নয় কাল বলে আমাকে এক বছর ধরে ঘুরাচ্ছেন। সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে সাধারণ মানুষের টাকা এভাবে আটকে রাখা স্পষ্ট দুর্নীতি।"
বিষয়টি নিয়ে ভুক্তভোগী গত কাল জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, "আমরা অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি
