কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন এএসআই মাহাবুর হাসান: রাঙ্গামাটি জেলা পুলিশের গভীর শোক
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :*
রাঙ্গামাটি জেলায় কর্মরত অবস্থায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এএসআই (নিঃ) মোঃ মাহাবুর হাসান। তার এই অকাল মৃত্যুতে রাঙ্গামাটি জেলা পুলিশসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গত ২৩ মার্চ ২০২৬ তারিখ, কাপ্তাই পুলিশ ফাঁড়ীতে কর্মরত এএসআই মাহাবুর হাসান পেশাগত দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট সংলগ্ন এলাকায় তাকে বহনকারী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৫ মার্চ ২০২৬ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যক্তিগত জীবনে এএসআই মাহাবুর হাসান অত্যন্ত সদালাপী ও কর্তব্যনিষ্ঠ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এএসআই মাহাবুর হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার। এক শোকবার্তায় তিনি বলেন,
মরহুম মাহাবুর হাসান একজন নিবেদিতপ্রাণ পুলিশ সদস্য ছিলেন। তার এই অকাল চলে যাওয়া জেলা পুলিশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে থাকার এবং যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।
