দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার রহমান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
গ্রেফতারকৃত কাওসার রহমান উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পরবর্তীতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে নিহত শিক্ষার্থী সূর্যের ভাই বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০-১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-০৭।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেম, গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল এএসপি’র দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সের একটি দল অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের ঘটনার পর মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় চেয়ারম্যান কাওসার রহমান পলাতক ছিলেন। এ সময় প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তবে নতুন করে ওয়ারেন্ট জারি হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
ফারহান ইসলাম
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি
