হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে লোকালয় থেকে একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্বরতালুক এলাকায় শকুনটি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। পরে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শকুনটি উদ্ধার করেন। উদ্ধার শেষে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ অফিসে নেওয়া হয়।
রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে এ ধরনের কিছু শকুন বাংলাদেশে আসে। উদ্ধার করা শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বিকেল ৫টার দিকে শকুনটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠান।
এ বিষয়ে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বলেন, “রাজারহাট থেকে উদ্ধার করা শকুনটি কুড়িগ্রাম রেঞ্জ অফিসে আনার পর আমরা সেটির অবস্থা পর্যবেক্ষণ করি। পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিকেল ৫টার দিকে শকুনটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।”
বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী শকুন সাধারণত শীত মৌসুমে হিমালয় ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।
বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের বন্যপ্রাণী ও পরিযায়ী পাখির প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো বন্যপ্রাণীকে অসুস্থ, আহত কিংবা বিপদগ্রস্ত অবস্থায় দেখতে পেলে নিজে ধরার চেষ্টা না করে বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
