শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দগঞ্জের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ে ‘মব’ সৃষ্টির অভিযোগ, পঞ্চম সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান করার চেষ্টা

জ্যেষ্ঠতা উপেক্ষা করে পছন্দের শিক্ষককে দায়িত্ব দেওয়ার চেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে উত্তেজনা ও প্রশাসনিক জটিলতা।


গোবিন্দগঞ্জের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ে ‘মব’ সৃষ্টির অভিযোগ, পঞ্চম সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান করার চেষ্টা

এম টি আই আহাদ, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।** স্থানীয়দের একটি কথিত সভার নামে ৩০ থেকে ৪০ জন লোক জড়ো করে দ্বিতীয় সিনিয়র শিক্ষক ইয়াসমিন সুলতানা সুইটিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে পঞ্চম সিনিয়র শিক্ষক এজাদুল হককে ওই দায়িত্ব দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রধান আগামী ৭ নভেম্বর অবসরে যাবেন। তাঁর অবসরের পর বিধি অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার কথা। বিদ্যালয়ের সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষক রফিকুল ইসলাম সরকার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করায় দ্বিতীয় জ্যেষ্ঠ শিক্ষক ইয়াসমিন সুলতানা সুইটি দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেন। তবে পঞ্চম জ্যেষ্ঠ শিক্ষক এজাদুল হকও ওই দায়িত্ব পেতে আগ্রহী বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এজাদুল হক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রধানের ভাস্তি জামাই। এ কারণে এলাকায় তিনি ‘জামাই’ নামে পরিচিত।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে সভাপতির সভা অনুষ্ঠিত হবে বলে বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে স্থানীয় ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়। পরে বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা ওই সভায় ইয়াসমিন সুলতানা সুইটিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ না করতে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে।

দীর্ঘ সময় ধরে চাপ ও উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত থাকায় একপর্যায়ে ইয়াসমিন সুলতানা সুইটি স্থানীয় এক চেয়ারম্যান প্রার্থীকে মৌখিকভাবে দায়িত্ব না নেওয়ার কথা জানিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। তবে তিনি এ বিষয়ে কোনো লিখিত অপারগতা প্রকাশ করেননি বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রধান ও তাঁর জামাতা এজাদুল হক মিলে নিজেদের পছন্দের ব্যক্তিকে দায়িত্বে বসানোর উদ্দেশ্যে এ পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছেন। তাঁদের অভিযোগের পক্ষে সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য পোলাও রান্না করে খাবারের আয়োজনের বিষয়টিও উল্লেখ করা হচ্ছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের দাবি, ব্যক্তিগত সম্পর্ক কিংবা স্থানীয় প্রভাবের ভিত্তিতে নয়, বরং প্রচলিত বিধিবিধান ও জ্যেষ্ঠতার যথাযথ মূল্যায়নের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।

বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসনে দ্বিতীয় সিনিয়র শিক্ষক ইয়াসমিন সুলতানা সুইটিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনাসহ ঊর্ধ্বতন শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রধান, শিক্ষক এজাদুল হক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।