শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তারাকান্দিগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ব্যক্তি দীর্ঘ সময় ধরে রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। ট্রেন আসার কিছুক্ষণ আগে তাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে তিনি রেলপথের কাছে চলে গেলে দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়দেবপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, “ঘটনার সময় ট্রেনটি নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করছিল। দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে, পরে স্বাভাবিক হয়।”