নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মোয়াম্মার হোসাইন (১৮ মাস)। সে পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা দেওলোয়ার হোসাইনের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্র জানায়, সকালবেলায় পরিবারের অজান্তে শিশুটি বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তান হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি
