আজিজুর রহমান শাহীন ,পানছড়ি উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী শনখোলা এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে ৩ বিজিবির অধীনস্থ শনখোলা কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে আশপাশের বিভিন্ন পাড়ার দুই শতাধিক পরিবারের সদস্য চিকিৎসাসেবা গ্রহণ করেন।
পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিনের (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) নেতৃত্বে আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকেশ ত্রিপুরা ও ডা. নিথি চাকমা।
দুর্গম এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা বিজিবির এমন মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন।
