বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশার ৫ নং ঘাটনগর ইউনিয়নে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষ'তি, দিশেহারা কৃষক

পোরশার ৫ নং ঘাটনগর ইউনিয়নে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষ'তি, দিশেহারা কৃষক

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নে আকস্মিক ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে হঠাৎ আঘাত হানা এ প্রাকৃতিক দুর্যোগে মাঠের পাকা ও আধাপাকা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আঘাতে ধানের শীষ ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘাটনগর ইউনিয়নের ফারাতপুর সহ বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠে ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে যেসব জমিতে ধান পেকে উঠেছিল, সেসব জমিতে ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
ফারাতপুর গ্রামের কৃষক মোঃ মাহমুদ হাসান জানান, তাঁর ১২ বিঘা জমির মধ্যে প্রায় অর্ধেক জমির ধান শিলাবৃষ্টির আঘাতে ঝরে গেছে এবং গাছ মাটিতে পড়ে গেছে। অন্যদিকে বাংধারা গ্রামের হাজী মোহাম্মদ সাকাওয়াত হোসেন জানান, তাঁর ১৪ বিঘা জমির আমন ধান ঝড়ের কারণে মাটিতে নুয়ে পড়েছে। একই গ্রামের আমেনা বেগমের প্রায় ৩ বিঘা জমির ধানও মাটিতে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকেরা জানান, সারা মৌসুম ধরে জমি প্রস্তুত, বীজ রোপণ, সার, কীটনাশক ও সেচসহ বিভিন্ন কাজে তাঁরা অনেক টাকা ও শ্রম ব্যয় করেছেন। ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগ তাঁদের সব স্বপ্ন ও প্রত্যাশাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
বিশেষ করে পাকা ও আধাপাকা ধানের গাছ মাটিতে পড়ে যাওয়ায় ধান কাটতে যেমন বাড়তি শ্রম ও খরচ হবে, তেমনি অনেক জমিতে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এতে চলতি মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে দ্রুত কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠপর্যায়ে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা, প্রণোদনা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
কৃষকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাঁদের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করবে। এতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তাঁরা।