ঢাকাই সিনেমায় জয় চৌধুরীর নাম নিয়ে আলোচনা কম হয় না। অভিনয়ের চেয়ে নানা সময় সামাজিক মাধ্যমে তাকে ঘিরে ট্রল ও হাস্যরসের চর্চাই বেশি চোখে পড়ে। এবার সেই জয়ই হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে।
তাও আবার একা নন, সঙ্গে থাকছেন ভারতের পরিচিত অভিনেত্রী পূজা ব্যানার্জি। তাদের দেখা যাবে ‘হান্নান’ নামের একটি সিনেমায়।
পূজা ব্যানার্জি। তিনি বাঙালি অভিনেত্রী। দেবের সঙ্গে ‘চ্যালেঞ্জ ২’ ও সোহমের সঙ্গে ‘লাভেরিয়া’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। তবে সিনেমার অভিনেত্রী হিসেবে তার শুরুটা তেলেগু ইন্ডাস্ট্রিতে। এরপর তিনি কাজ করেছেন বলিউডেও। সেখানে ‘রাজধানী এক্সপ্রেস’ এবং ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’র মতো হিন্দি সিনেমায় দেখা গেছে তাকে। বিভিন্ন হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন পূজা।
কাহিনী হমারে মহাভারত কী’, ‘তুঝ সাং প্রীত লগাই সজনা’, ‘দেবো কে দেব... মহাদেব’, ‘কবুল হ্যায়’ ইত্যাদি হিন্দি টিভি সিরিজেও অভিনয় করেছেন। পাশাপাশি বলিউডের তুমুল জনপ্রিয় ‘ঝলক দিখলা জা’, ‘কমেডি নাইটস বাঁচাও’র মতো শোতে করেছেন উপস্থাপনা।
সেই পূজা এবার বাংলাদেশের আলোচিক নায়ক জয় চৌধুরীর নায়িকা হয়ে আসছেন। এই খবরটি বেশ চমক জাগানিয়া।
ছবিতে জয়ের সঙ্গে থাকবেন আরও এক নায়িকা। তিনি মধুরিমা বসাক। এই অভিনেত্রী পশ্চিমবঙ্গের নবদ্বীপের মেয়ে। ভূগোল নিয়ে পড়াশোনা করতে এসেছিলেন কলকাতায়। তখন আচমকাই সিদ্ধান্ত নিয়েছিলেন মডেলিং করার। সেখান থেকে টিভি সিরিয়ালে যুক্ত হন। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স=প্রেম’ দিয়ে বছর পাঁচেক আগে বড় পর্দায় ডেব্যু।
আর পেছন ফিরে তাকাতে হয়নি। সিনেমা, ওটিটি, টিভি- সমানতালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী। জয় চৌধুরীর নায়ক হয়ে প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় কাজ করতে যাচ্ছেন।
