প্রায় পাঁচ বছর পর ফিরছে ওপার বাংলার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। নতুন বিন্যাসে সাজানো হয়েছে মীর আফসার আলী সঞ্চালিত এই শোয়ের ১১তম সিজন। নতুন বছরের শুরুতে নতুন সিজনের সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।
২০২১ সালে সর্বশেষ প্রচার হয় ‘মীরাক্কেল’। কেন এতদিন বন্ধ ছিল জনপ্রিয় এই শো? এ প্রশ্নের জবাবে অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “ইদানীং সম্প্রচারের ক্ষেত্রে ‘সেন্সরশিপ’ এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নানাবিধ বিধি-নিষেধ রয়েছে। এজন্য কৌতুক শোয়ের ক্ষেত্রে অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়।”
খানিকটা ব্যাখ্যা করে শুভঙ্কর চ্যাটার্জি বলেন, “অনেক দিন আগে আমি বা মীর একটি সাক্ষাৎকারে বলেছিলাম—‘মীরাক্কেল’ হয়তো আর করা যাবে না। কারণ এখন অনেক বিধি-নিষেধ আরোপিত হয়েছে; এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। খুব সোজা কথায়, কৌতুকের মধ্যে নির্মম মজা বা সামাজিক শিষ্টাচার সেভাবে না-মানার একটা ঝোঁক থাকে। কাউকে কটাক্ষ করে কথা বলা, কাউকে নিয়ে কথা বলা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, সেটা আর সরলভাবে মেনে নেওয়ার জায়গা থেকে আমরা অনেক সরে গিয়েছি বলে মনে হয়। এত বিধি-নিষেধের মধ্যে কৌতুক এখন খুব কঠিন।”
আনন্দের কথা জানিয়ে শুভঙ্কর চ্যাটার্জি বলেন, “কিছু একটা ভাবার সময়, একটা কিছু নিয়ে কমেডির স্কেচ বানাব বা চিত্রনাট্য লিখব, সেখানে যদি মাথার মধ্যে এটা না, ওটা না, সেটা না—এসব আগে থেকে বসতে থাকে, তা হলে ভালোটা বের করা খুব কঠিন। তবে চ্যানেল কর্তৃপক্ষ এবার এটাকে রূপে আনার কথা ভাবছে, আমরা অত্যন্ত খুশি।”
