একসময় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তি পাওয়া ছিল বেশ কঠিন বিষয়। দীর্ঘ আলোচনা ও নানা বিতর্কের পর ২০২৩ সালে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। এরপর থেকেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে শুরু করে বলিউডের আলোচিত সব সিনেমা।
শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে নতুন করে শুরু হয় সেই যাত্রা। ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
এরপর একই বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’। ভারতের সঙ্গে প্রায় একই সময়ে ছবিটি বাংলাদেশেও মুক্তি পায়। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপের মাধ্যমে আমদানি করা সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ভালো সাড়া ফেলে। শুধু শাহরুখের ছবিই নয়, পরবর্তী সময়ে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘স্ত্রী ২’সহ বেশ কয়েকটি ভারতীয় সিনেমাও মুক্তি পায় বাংলাদেশে।
ভারতীয় সিনেমা আমদানি ও মুক্তির ক্ষেত্রে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন নির্মাতা ও চলচ্চিত্র পরিবেশক অনন্য মামুন। তার প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মাধ্যমে দেশে এসেছে একাধিক আলোচিত বলিউড সিনেমা। এবারও শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে আগ্রহী এই পরিচালক।
তার ইচ্ছা, বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ যেন বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পায়। সবকিছু ঠিক থাকলে দেশের দর্শকরাও বড় পর্দায় দেখতে পারবেন শাহরুখের নতুন এই সিনেমা।
