ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত চক্রবর্তী। তার বয়স হয়েছিল ৮০ বছর।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সোহমের বাবা সুব্রত। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।
সোহমের পরিবারের বরাত দিয়ে অন্য একটি গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন সোহমের বাবা। গত দুর্গাপূজা থেকে তার শরীর আরো খারাপ হতে থাকে। দশমীর দিন অবস্থা আশঙ্কাজনক হয়। হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। বাড়ি ফিরিয়ে আনার পর বাড়িতেই আসিইউর মতো ব্যবস্থা করা হয়। তবে দীপাবলির সন্ধ্যায় অভিনেতার বাবার শরীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িগড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শেষরক্ষা হয়নি। শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
ছাব্বিরে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘটে। তারপর থেকে সময়টা ভালো যাচ্ছে না সোহম চক্রবর্তীর। তাছাড়া তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। কেবল তা-ই নয়, এক কাঠমিস্ত্রিও তার বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন। এ পরিস্থিতিতে বাবাকে হারালেন সোহম।
