মোহাম্মদ ফুরকানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ রুবেল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রোবক্স (PROBOX) প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় কাজী পরিবহন বাস কাউন্টারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
কসবা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় কালিকাপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে রুবেলকে আটক করা হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রোবক্স প্রাইভেটকার জব্দ করা হয়।
এ ঘটনায় মনির হোসেন ওরফে কালা মনির ওরফে মনির মিয়া (৪০) নামে আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তিনি কসবা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত রহিজ মিয়া ওরফে রইজ মিয়ার ছেলে।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
