আজিজুর রহমান শাহীন, পানছড়ি উপজেলা প্রতিনিধি
‘সবার জন্য সুন্দর দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে খাগড়াছড়ির পানছড়িতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পানছড়ি, খাগড়াছড়ির আয়োজনে এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার এবং উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম।
প্রতিযোগিতায় পানছড়ি উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিটি কর্মকর্তা বাবলী চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার (এফএস) সাইমুন ইসলাম এবং সাবেক শিক্ষক আব্দুল খালেক। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন পুজগাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, ‘ছোটবেলা থেকেই সততা চর্চা করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। বিতর্কের মাধ্যমে যুক্তি দিয়ে কথা বলা এবং সত্যকে প্রতিষ্ঠা করার মানসিকতা তৈরি হয়।’
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
