মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর এলাকায় একটি সুপারিবাগান থেকে জাকির আকন (৫৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি সুপারিবাগানে গাছের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি মঠবাড়িয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জাকির আকন ওই এলাকার মৃত ওয়াহেদ আকনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বসতঘর থেকে মরদেহ উদ্ধারের স্থানটির দূরত্ব আনুমানিক ১০০ থেকে ১২৫ গজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় সুপারি গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাড়ির অদূরে সুপারিবাগানে এভাবে মরদেহ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
