পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিবেদিতপ্রাণ, নিঃস্বার্থ তরুণ হাসানুর রহমান অপুকে নির্মমভাবে হত্যার পর প্রধান আসামির ফাঁসি ও সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অপুর পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বুধবার (১১ নভেম্বর) পিরোজপুর আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই মানববন্ধনে নিহতের পরিবার, স্বজন এবং পিরোজপুর জেলা ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন এলাকার শত শত সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মামলার বিবরণী ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত হাসানুর রহমান অপু পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের বাসিন্দা ছিলেন। ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যেও তিনি আসামি রুমানের কাছে টাকা নেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন। পরবর্তীতে পুলিশি তদন্ত ও অনুসন্ধানে বেরিয়ে আসে যে, মো. রুমান শেখ ও তার সহযোগীরা তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নিজেদের বাড়ির পেছনের ঘরের গাদার সাথে গর্ত করে মাটির নিচে পুঁতে রাখে। ঘটনার ৭ দিন পর পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে ওই স্থান থেকে অপুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে প্রথমে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় জিডি এবং পরবর্তীতে হত্যা মামলা দায়ের করে, যা বর্তমানে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক (আর্গুমেন্ট) পর্যায় পর্যন্ত এসে পৌঁছেছে।
মানববন্ধনে নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রধান আসামি রুমান শেখ একজন চিহ্নিত অপরাধী। সে ২০১২ সালে এক মা ও মেয়েকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করেছিল। ওই ডাবল মার্ডার মামলারও সে ১ নম্বর আসামি এবং তার বিরুদ্ধে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলাও রয়েছে, যার রায় এখনও ঘোষণা হয়নি এবং সে ওই মামলারও একমাত্র আসামি। স্বজনদের অভিযোগ, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের কারণে ওই পুরোনো মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যাচ্ছে এবং অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।
নিহতের একমাত্র বোন সুমাইয়া আক্তার মিকি কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, "আমাদের একমাত্র ভাই হাসানুর রহমান অপুকে অন্যায়ভাবে ২০২৩ সালের ৪ অক্টোবর সেহাংগল গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে আসামি রুমান ও তার সহযোগীরা নির্মমভাবে হত্যা করে নিজেদের বাড়ির মাটির নিচে পুঁতে রাখে। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামিসহ সকলের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বোন তার ভাই হারা না হয়। আমরা আদালতের কাছে বিনীত অনুরোধ জানাই—এই মামলার যেন দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করা হয়।"
মানববন্ধনে আরও বক্তব্য দেন নিহতের ভগ্নিপতি ও চাচাতো ভাই জহিরুল ইসলাম রুবেল এবং মামাতো ভাই লোকমান হোসেন আজাদ। তারা জানান, হত্যাকাণ্ডের পর আসামি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পালিয়ে যাওয়ার সময় মাসুম মির্জা নামের এক স্থানীয় ব্যক্তির সহযোগিতায় পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আসামির জবানবন্দি অনুযায়ী এই হত্যা মামলার আইনি কার্যক্রম চলমান রয়েছে। বক্তারা অবিলম্বে পিরোজপুরের মাটিতে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান।
