টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী, এমন খবর ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। এর মধ্যে কলকাতার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।
বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, বেশ কয়েক বছর ধরে সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন মিমি। তিনি বাংলা বিনোদন জগতের কেউ নন। পেশাগতভাবে নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে শোনা গেলেও তার পরিচয় ও পেশা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন তথ্য রয়েছে। এ বিষয়ে মিমি নিজেও কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি দক্ষিণ কলকাতায় সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে দেখা যায় মিমিকে। সাদা টি-শার্ট ও ডেনিম পরা অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। স্টোর থেকে বেরিয়ে স্টাইলিস্টকে জড়িয়ে ধরেন তিনি। পরে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে পুরো মুহূর্ত।
সব্যসাচী বলিউডের পরিচিত ফ্যাশন ডিজাইনারদের একজন। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদভানি, অদিতি রাও হায়দারি ও রানি মুখোপাধ্যায়সহ অনেক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। ফলে তার স্টোরে মিমির উপস্থিতির পর প্রশ্ন উঠেছে, বিয়ের পোশাকের প্রস্তুতি নিতেই কি সেখানে গিয়েছিলেন অভিনেত্রী?
