ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী দোজানগর মহাসিন মুড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ৮ মে ২০২৬ গভীর রাতে মুতিনগর বর্ডার এলাকার মহসিন মুড়ায়।
নিহতদের একজন নিয়ত মুরসালিন (২২)। তিনি ধজনগর গ্রামের হেফজু মিয়ার ছোট ছেলে। চার সন্তানের মধ্যে মুরসালিন ছিলেন পরিবারের সবার ছোট। তিনি গোপীনাথপুর কলেজ-এর দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। অপর নিহত ব্যক্তি নবীর হোসেন, তিনিও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় মালামাল পাচারের সময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে বিএসএফ তাদের মরদেহ হেফাজতে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা। নিহতদের পরিবার দ্রুত মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় কিছু চোরাকারবারী তরুণদের টাকার প্রলোভন দেখিয়ে এসব কাজে নিয়ে যায়। প্রতিরাতে একবার কাজ করলে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত মজুরি দেওয়া হতো বলে জানা গেছে। পরিবারের দাবি, মুরসালিন আগে এমন কাজে জড়িত ছিলেন না। তবে সম্প্রতি কয়েকজনের মাধ্যমে তিনি এ কাজে যুক্ত হন।
সহযোগীদের ভাষ্য অনুযায়ী, শরীফ নামে এক ব্যক্তিকে চোরাকারবারীদের প্রধান সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া নোয়াপাড়া এলাকার “মালি” নামে পরিচিত একজন এবং শশীদল ইউনিয়নের এক প্রভাবশালী ব্যক্তির নামও উঠে এসেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা সীমান্তে তরুণদের ব্যবহারকারী মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখনো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
