পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটককৃত প্রধান শিক্ষকের নাম হবিবর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের পাঠদান চলাকালীন সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে প্রধান শিক্ষক হবিবর রহমানের বিরুদ্ধে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।
এরপর বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় প্রাঙ্গণ ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতিকে অত্যন্ত উত্তপ্ত দেখতে পায়। অভিযুক্ত শিক্ষক গণপিটুনি থেকে বাঁচতে একটি টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীর মা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।
মোহাম্মদ মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
