ভোলার দৌলতখানে পৃথক অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে উপজেলার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল দৌলতখান থানাধীন বিউটি রোড এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকার ৬টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে বর্তমান বাজার মূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। অন্যদিকে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় জব্দকৃত ভেজাল ভোজ্য তেলগুলো বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ আজাদ, ভোলা জেলা প্রতিনিধি