প্রেসক্লাবের আয়োজনে আবেগঘন বিদায়, স্মৃতিচারণে উচ্ছ্বাস
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে শ্রীপুর প্রেসক্লাব (১৯৯০)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি হান্নান মাহফুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, “শ্রীপুরে দায়িত্ব পালনের সময় মানুষের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানকার মানুষের সঙ্গে এক ধরনের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মদক্ষতা, সততা ও মানবিক গুণাবলির প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।