শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভূমিহীনদের মানববন্ধন, মামলা দায়ের
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতার বিচার এবং হয়রানি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন একটি গ্রামের শতাধিক ভূমিহীন পরিবার।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের গিলাশ্বর গ্রামে এ কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বরমী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আক্তারুজ্জামান শামীমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগ করেন। তাদের দাবি, বসতবাড়ি নির্মাণসহ বিভিন্ন কাজে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, “আমরা ভূমিহীন বলে কি আমাদের কোনো অধিকার নেই? চাঁদা না দিলে আমাদের ওপর নির্যাতন চালানো হয়।” তিনি জানান, তাঁর মেয়ে মুক্তা আক্তার বাড়ি নির্মাণ শুরু করলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরেক ভুক্তভোগী ইমরান হোসেন অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল হাই বলেন, “বিএনপির বড় নেতা পরিচয়ে আমাদের ভয়ভীতি দেখানো হয়। এমন কোনো বাড়ি নেই, যেখানে চাঁদা দিতে হয়নি।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আক্তারুজ্জামান শামীম। তিনি বলেন, “একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়েছি।” তিনি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এসব ঘটাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য নাজমুল আকন্দ রনি বলেন, “ভূমিহীনরাই মানববন্ধনে অংশ নিয়েছেন।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে এবং ওই মামলায় আক্তারুজ্জামান শামীমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।