মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৯টি কমিউনিটি ক্লিনিকে জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে চিকিৎসা সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা শাখার সভাপতি ডা. আলিমুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে এনালাইজার মেশিন, ৯৯টি গ্লুকোমিটার, ২টি ইসিজি মেশিন এবং ২টি আইপিএস।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।