মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন জনাব আফরোজা খানম রিতা। নবগঠিত মন্ত্রিসভায় তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় মানিকগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে তিনি ঢাকার নিকটে অবহেলিত মানিকগঞ্জের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন এবং নারী, শিশু ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করবেন।
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তাঁর বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য; মন্ত্রীও ছিলেন তিনি। বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন আফরোজা খানম। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বাবা হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের শুরু তাঁর। এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের নিয়ে অংশ নেন তিনি। আফরোজা খানম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
