গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় টানা দুই দিনে ১৪৭ শ্রমিক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। একের পর এক শ্রমিকের বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা, বমি বমি ভাব ও অজ্ঞান হয়ে পড়ার ঘটনায় কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞাকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন,শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন বিজন মালাকার, জুনিয়র কনসালট্যান্ট ঈশিতা দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) তাসলিমা রহমান, শ্রম পরিদর্শক (সাধারণ) মোসা. আবি ওবাইদা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া। কমিটিকে সরেজমিন তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে কারখানায় কাজ চলাকালে হঠাৎ একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। প্রথম দিনে ৭৭ জন শ্রমিক মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। গুরুতর কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।
পরদিন বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর আবারও একই ধরনের উপসর্গ নিয়ে আরও ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দুই দিনে মোট ১৪৭ জন শ্রমিক চিকিৎসা নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষণা করা হলেও সন্ধ্যায় পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করা হয়।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, তারা হঠাৎ বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা, বমি বমি ভাব অনুভব করেন। অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
কারখানাসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর শ্রমিকদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকজন শ্রমিক কারখানায় ‘অশুভ প্রভাব’ রয়েছে বলে দাবি করলে মঙ্গলবার বিভিন্ন মসজিদের ইমাম এনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি।
কারখানার কর্মকর্তা সঞ্জিব কুমার বলেন, “কী কারণে শ্রমিকরা অসুস্থ হচ্ছেন, তা আমরা নিশ্চিত নই। অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি ‘মাস হিস্টিরিয়া’ হতে পারে বলে ধারণা করছি। একজন অসুস্থ হওয়ার পর মানসিক প্রভাবে অন্যদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। সাধারণ চিকিৎসায় তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কাউন্সেলিং এবং কর্মপরিবেশে কিছু পরিবর্তন আনা যেতে পারে। তবে তদন্ত কমিটি কাজ করছে, প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি শুধুই মানসিক প্রভাব, নাকি কর্মপরিবেশ, খাদ্য, পানীয় বা অন্য কোনো অদৃশ্য কারণ এর পেছনে রয়েছে সেই উত্তর মিলবে তদন্ত প্রতিবেদনে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
