কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও উদীয়মান ক্রীড়াবিদ জিদান সারা দেশের মধ্যে তৃতীয় স্থান (ব্রোঞ্জ পদক) অর্জন করে এলাকায় গৌরব বয়ে এনেছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের উদ্যোগে ৩–৫ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয় ‘৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬’।
সারা দেশের ৬৪টি জেলা থেকে বাছাইকৃত অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা বিভাগের সেরা ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেন। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের সার্বিক তত্ত্বাবধানে জেলার বালক ও বালিকা দলের অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকায় যান।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই আসরে কিশোরগঞ্জ জেলার হয়ে ট্র্যাকে নেমে অনন্য কৃতিত্ব দেখায় পাকুন্দিয়ার সন্তান জিদান। দেশসেরা প্রতিযোগীদের পেছনে ফেলে সে অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক নিজের করে নেয়।
জিদানের এই অসাধারণ সাফল্যে হোসেন্দী উচ্চ বিদ্যালয়সহ পুরো পাকুন্দিয়া উপজেলা ও কিশোরগঞ্জ জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। তার এই অর্জনে পাকুন্দিয়া উপজেলা ও কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ এবং ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামীতে জিদান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য এনে দেশের মুখ উজ্জ্বল করবে। প্রতিবেদক- মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া উপজেলা ।
