গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে টিন কেটে প্রবেশ করে চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী, এলাকাবাসী ও অভিযুক্ত পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এসেছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকাবাসী মাওনা ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের পেছনের অংশের টিন কাটা দেখতে পান। পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্রের কিছু অংশ অনুপস্থিত দেখতে পান তারা। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও কয়েকজন বাসিন্দার অভিযোগ, মাওনা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শহীদের নেতৃত্বে একদল ব্যক্তি গভীর রাতে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন মালামাল সরিয়ে নেয়। তাদের দাবি, এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং বিপুলসংখ্যক চেয়ার অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
স্থানীয় বাসিন্দা স্বপন বলেন, "রাস্তার পাশের একটি রাজনৈতিক দলের কার্যালয়ের টিন কেটে মালামাল সরিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।"
আরেক বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, "এ ধরনের ঘটনা রাজনৈতিক সহাবস্থানের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।"
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শহীদের পরিবারের পক্ষ থেকে ভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। শহীদের ভাই মজিবুর রহমান দাবি করেন, "চেয়ার-টেবিলসহ অধিকাংশ মালামাল এখনো রয়েছে। সবকিছু নেওয়া হয়নি। কিছু মালামাল পাশের আরেকটি ঘরে সরিয়ে রাখা হয়েছে।"
এ বিষয়ে শহীদের পরিবার সূত্রে আরও জানা যায়, যে ভবনটিকে দীর্ঘদিন ধরে বিএনপির ওয়ার্ড কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটির জমি ও স্থাপনার মালিকানা তাদের পরিবারের। তাদের দাবি, ব্যক্তিমালিকানাধীন ওই স্থাপনা থেকে কিছু মালামাল সরানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন।
তবে গভীর রাতে কেন এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মজিবুর রহমান বলেন, "এটি তার সুবিধামতো করা হয়েছে। বিষয়টি সে নিজেই ভালো বলতে পারবে।"
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শহীদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মাওনা ইউনিয়ন বিএনপির একাধিক নেতা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ঘটনাটি চুরি, রাজনৈতিক প্রতিহিংসা নাকি মালিকানাসংক্রান্ত বিরোধ তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
