লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের হল রোড এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে। তিনি রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার হালিমা মাদ্রাসার ২ নম্বর গেট সংলগ্ন একটি বাসায় ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন।
নিহতের বড় ভাই জসিম উদ্দিন হৃদয় সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতের পর দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
এর আগে, গত ১২ জুন বিকেলে রায়পুর পৌর শহরের হল রোড এলাকার নদীর পাড়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাগরকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইমাম উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা মো. নুরুল আমীন (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে গাঁজাসদৃশ মাদক উদ্ধার করা হয়েছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছিল।
ঘটনার ১৭ দিন পর, সোমবার (২৯ জুন) নিহত সাগরের শাশুড়ি বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ঘটনার পর নিহত সাগরের শাশুড়ি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ময়নাতদন্তের প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
