খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘আলপালনি, আলপালন, এফল্লা’ ও বর্ষাবরণ উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ২৯ জুন (সোমবার) বিকেলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগীতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সংগীতশিল্পী রতন ত্রিপুরা ও সম্রাটসুর চাকমাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
একই সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে এই সমৃদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
গুণীজনদের সম্মাননা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি চমৎকার মিলনমেলায় পরিণত হয়।
অজয় সেন ত্রিপুরা,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
