কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। মেলায় দেশি-বিদেশি এবং নানা অপ্রচলিত ফলের প্রদর্শনী দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো তিন দিনব্যাপী জেলা ফল মেলা। গত রোববার (২২ জুন) ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি ফলের সুষ্ঠু সংরক্ষণ, লাভজনক বিপণন এবং ফলমূলের পুষ্টিগুণ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এবারের মেলায় কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, বাজিতপুর, করিমগঞ্জ ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন নার্সারি ও উদ্যোক্তারা তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। মেলায় আম, কাঁঠাল, লিচুর মতো প্রচলিত ফলের পাশাপাশি স্থান পেয়েছে ড্রাগন, ডেউয়া, বিলিম্বি, বিশ্বখ্যাত মিয়াজাকি আম, মিষ্টি তেঁতুল, এমডি-২ আনারস, আঁশফল, রামবুটান, করমচা ও আফ্রিকান মাল্টাসহ নানা ধরনের অপ্রচলিত ও বিদেশি ফল। যা মেলায় আসা দর্শনার্থী ও ফল চাষীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
মেলা উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ দেশি-বিদেশি নানা ফলের সাথে পরিচিত হতে পারবে এবং ফল চাষে আরও উদ্বুদ্ধ হবে।
মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া প্রতিনিধি, কিশোরগঞ্জ।
