গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শেফালী রবিদাস নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকায় শ্রীপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে শেফালী রবিদাসের বসতঘরে তল্লাশি চালিয়ে ১৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ ছিল। পুলিশের অভিযানের পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
