কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবড়ীহাটে অভিযান চালিয়ে ৩৮ কেজি পঁচা মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মোঃ সামিউর রহমান।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত মাংস বিক্রেতা আবুল কালাম। তিনি রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের ছপুর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ক্রেতারা জানান, দীর্ঘদিন ধরে কসাই ইয়াছিন আলীর সঙ্গে সেডঘরে গরু ও মহিষের মাংস বিক্রি করে আসছিল ওই চক্র। তারা নিয়মিত সেখান থেকে মাংস কিনতেন। হাটে আসা কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “টাকার লোভে মানুষ এত জঘন্য কাজ করতে পারে, তা ভাবতেই খারাপ লাগছে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন রনজিনা আক্তার, উপজেলা স্যানিটারি পরিদর্শক মোঃ আব্দুল লতিফ সিদ্দিকী, রাজারহাট থানা পুলিশ সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
