গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের ছুটি, চলতি মাসের পূর্ণ বেতন পরিশোধসহ চার দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ উঠেছে। সংঘর্ষে একাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড বহেরারচালা এলাকার মিতালী গ্রুপের কেএসএস গার্মেন্টস কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
কারখানাটির সুইং সেকশনের শ্রমিক সাফায়েত জানান, বুধবার দুপুরে শ্রমিকরা ঈদে ১১ দিনের ছুটি, ২৫ মে থেকে ছুটি কার্যকর, চলতি মাসের পূর্ণ বেতন ও ওভারটাইম পরিশোধের দাবি জানান। তবে মালিকপক্ষ প্রথমে বিষয়টি মেনে নেয়নি। পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন এবং রাতে বাসায় ফিরে যান।
তিনি আরও বলেন, “বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে দেখি কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে এক শ্রমিক গুলিবিদ্ধ হন বলে আমরা জানতে পেরেছি।”
আরেক নারী শ্রমিক আরিফা অভিযোগ করেন, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার থেকেই শ্রমিকরা ঈদ উপলক্ষে ১১ দিনের ছুটি, ২০ দিনের বেতন প্রদান এবং শুক্রবার কারখানা বন্ধ ঘোষণার দাবিতে আন্দোলন করছিলেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা কাজে ফিরলেও বৃহস্পতিবার সকালে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
কেএসএস নিট কম্পোজিট লিমিটেড মিতালী গ্রুপের অন্যতম বৃহৎ নিট কম্পোজিট কারখানা। কারখানাটিতে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর সাব-জোনের উপপরিদর্শক (এসআই) রনি বলেন, “গতকাল শ্রমিকরা চলতি মাসের পূর্ণ বেতন পরিশোধ ও ঈদের ১১ দিনের ছুটিসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকালে তারা কারখানার সামনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।” তবে শ্রমিক আহত হওয়ার বিষয়টি তিনি স্বীকার করেননি।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
