নিউজ ডেস্ক:
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যানজট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদকে সামনে রেখে লাখো মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করবে। কোনোভাবেই মহাসড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। মাওনা চৌরাস্তা যানজটমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র গাড়ি থামানো এবং হকারদের কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ঈদের আগে এসব নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুইঁয়া বলেন, ঈদের সময় মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। মহাসড়কের পাশে অবৈধভাবে পশুর হাট বা দোকান বসিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. হামিদুজ্জামান বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ২৪ ঘণ্টা টহল ও মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অবৈধ থ্রি-হুইলার চলাচল, যত্রতত্র গাড়ি থামানো এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য দেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ও মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাওনা চৌরাস্তার আশপাশে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানো, অপরিকল্পিত পার্কিং এবং যত্রতত্র যানবাহন থামানোর কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
সভায় উপস্থিত মার্কেট মালিক, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মহাসড়কের পাশে যাতে কোনো অস্থায়ী পশুর হাট বা অবৈধ বাজার গড়ে উঠতে না পারে, সেদিকেও সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে প্রশাসন।