নওগাঁর মহাদেবপুরে চলতি বোরো মৌসুমে ধান কাটার সংকটে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন মহাদেবপুর-বদলগাছী (নওগাঁ-৩) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি নিজেই মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধান কেটে তা ঘরে তুলতে সহায়তা করেছেন।
শনিবার (১৬ মে) মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে বিপাকে পড়া কৃষকদের দুর্ভোগ লাঘব করতেই এমপি ফজলে হুদা বাবুল এ উদ্যোগ গ্রহণ করেন।
ধান কাটার সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন। পরে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কেটে তা ঘরে তুলতে সহযোগিতা করেন।
এ সময় চেরাগপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমপির এমন কৃষকবান্ধব কর্মকাণ্ডে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
স্থানীয় কৃষকরা বলেন, একজন জনপ্রতিনিধি মাঠে নেমে কৃষকের কষ্ট ভাগাভাগি করবেন—এটি সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকরা অনুপ্রাণিত হয়েছেন এবং নিজেদের পাশে একজন অভিভাবককে পেয়েছেন বলে মনে করছেন।
এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন,
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের কষ্ট লাঘবে আমি সবসময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:
