যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজারহাট উপজেলা ক্রিকেট দল।
গত ২ মে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে সারাদেশের ন্যায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এর ধারাবাহিকতায় রাজারহাট উপজেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটারদের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাজারহাট উপজেলা দল একের পর এক জয় তুলে নেয়। ৩ মে ফুলবাড়ি উপজেলার বিপক্ষে ১০ ওভারের ম্যাচে ৬ উইকেটের জয় দিয়ে যাত্রা শুরু করে দলটি। এরপর ৮ মে সেমিফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে।
সবশেষে ১০ মে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে চর-রাজিবপুর দলকে ২ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় রাজারহাট উপজেলা ক্রিকেট দল। ক্ষুদে ক্রিকেটারদের এ অসাধারণ অর্জনে পুরো উপজেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।
এ টুর্নামেন্ট থেকে রাজারহাট উপজেলার আদনান, সাদমান, অর্ঘ্য ও নাঈম বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেছে, যা উপজেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়াবিদ শফিকুল ইসলাম বেবু সহ আরও অনেকে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, তৃণমূল পর্যায়ে এমন আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাফিজুর রহমান
রাজারহাট, কুড়িগ্রাম
