মাগুরায় আইনের জালে আটকা পড়েই থাকলেন শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। একটি মামলায় জামিনে মুক্তি পেলেও কারাগারের ফটক পেরোনোর আগেই তাকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কারাফটক এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে জামিন পেলেও মুক্তির মুহূর্তেই তার বিরুদ্ধে থাকা আরেকটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। ফলে জামিনে মুক্তি পেলেও কারামুক্ত হওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হন কুটি। সে সময় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার তথ্য সামনে আসে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, “তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার মধ্যেই হয়েছে।”
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
