রবিবার ২৬ এপ্রিল সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ শুরু হবে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
সভায় জানানো হয়, ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় বিভিন্ন জাতের আম ভাঙা যাবে। এছাড়া ১৫ মে থেকে হিমসাগর ও খিরসা, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর–এর উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ এবং আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপপরিচালক সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবির প্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমের পরিপক্বতা নিশ্চিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে আমের গুণগত মান বজায় থাকবে এবং চাষিরা ন্যায্য মূল্য পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি
