চৌগাছায় কাঁঠালের ভেতরে মাদক পরিবহনকালে একব্যক্তি আটক
কল্যান রায় জয়ন্ত :
যশোরের চৌগাছায় অভিনব কৌশলে কাঁঠালের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪০ বোতল ভারতীয় অবৈধ উইন্সারেক্স সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজু ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল বুধবার (২২ এপ্রিল) ভোর ৬টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের চৌগাছা-যশোর সড়কের ফিলিং স্টেশনের সামনে থেকে মোঃ আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি কাঁঠালের খোসার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ বোতল উইন্সারেক্স সিরাপ গোপনে বহন করছিলেন। তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খাঁর ছেলে।
পরে তাকে বুধবারই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।