যশোরে বিজিবি'র অভিযানে ১ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
কল্যান রায় জয়ন্ত :
যশোরের তারাগঞ্জ এলাকা থেকে প্রায় ১ কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়।
এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম গোল্ড পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে গোল্ড পেস্ট ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।
আটককৃত ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের নিকটবর্তী ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা। তার পাসপোর্ট যাচাই করে জানা যায়, ২০২৪ সাল থেকে তিনি একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরসহ বিভিন্ন দেশে যাতায়াত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং সড়কপথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল তার।
বর্তমানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানা হয়ে ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।