আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ১,২০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপুর নেতৃত্বে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার বাড়ির একটি গুদাম থেকে ছয়টি ব্যারেলে সংরক্ষিত মোট ১,২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “আইন অনুযায়ী অনুমতি ছাড়া বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা দণ্ডনীয় অপরাধ। এ কারণে জরিমানা করা হয়েছে।” জব্দ করা ডিজেল বর্তমানে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে বলেও তিনি জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। তিনি দাবি করেন, তার প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে, যেখানে নিয়মিত সেচকাজ পরিচালনার জন্য বিপুল পরিমাণ জ্বালানি প্রয়োজন হয়। এছাড়া দুটি ডেকু (সেচ) মেশিন চালাতে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ লিটার ডিজেল লাগে। সেই হিসাবে জব্দকৃত ১,২০০ লিটার ডিজেল তার মাত্র দুই দিনেরও কম সময়ের চাহিদা পূরণ করতে পারে।
চেয়ারম্যান আরও বলেন, “কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এক দিনের জ্বালানি আগাম সংগ্রহ করে রাখা কোনোভাবেই অবৈধ মজুদ নয়। প্রকৃত চাহিদা বিবেচনা না করেই আমাকে জরিমানা করা হয়েছে।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন।